পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীজুড়ে ছিল উৎসব, আনন্দ আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের অনন্য আবহ। সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসেন ঐতিহ্যবাহী হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় অনুষ্ঠিত হয় বরিশালের প্রধান ঈদ জামাত। ঈদের এ বৃহৎ জামায়াতে অংশ নেন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাধারণ মুসল্লিদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সকালের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহ ময়দানে নারী মুসল্লিদের জন্যও ছিল আলাদা ও সুশৃঙ্খল ব্যবস্থা। সেখানে নারীদের সঙ্গে একত্রে নামাজ আদায় করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত ও অসহায় মুসলমানদের জন্য দোয়া করা হয়।
ঈদ জামাত শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা।
এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘‘ঈদ মানেই আনন্দ ও সম্প্রীতির বার্তা। আমরা চাই সমাজের সকল মানুষ ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করুক। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনাই করছি।’’
ঈদ জামাতকে ঘিরে নগরীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা।
ধর্মীয় আবেগ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হলো মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









