কোরবানি শেষ হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই পুরো নগরীকে পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন।
পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে সিসিক প্রশাসক বলেন, ‘‘জনসেবাও ইবাদতের একটি বড় অংশ। আজ আপনাদের পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করার কথা ছিল। কিন্তু আপনারা জনগণের কল্যাণে, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ঈদের দিনও অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা যেভাবে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাতে সিলেট নগরবাসী অত্যন্ত সন্তুষ্ট হবেন—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’’
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘আমরা ঘোষণা দিয়েছিলাম কোরবানির পর ৮ ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করা হবে। কর্মীরা যে গতি ও উদ্দীপনা নিয়ে কাজ করছেন, তাতে আশা করি আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সিলেটবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব।’’
এ সময় ঈদের পর নগরীর কোথাও যেন কোনো আবর্জনা জমে না থাকে এবং কোনো ধরনের দুর্গন্ধ যেন না ছড়ায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন তিনি।
বর্জ্য অপসারণে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, ‘‘কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে এত দ্রুত বিশাল পরিমাণের বর্জ্য অপসারণ করা সম্ভব নয়। কোরবানির পর রক্ত ও উচ্ছিষ্ট অংশ যাতে যত্রতত্র ছড়িয়ে না থাকে, সেদিকে নগরবাসীকেও খেয়াল রাখতে হবে। সবাই নিজ নিজ আঙিনা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য কাজটা আরও সহজ হবে।’’
পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, মো. মাহবুবুর রহমানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









