পটুয়াখালীর দশমিনা উপজেলায় পানিতে ডুবে আছিয়া বেগম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের আল-আমিন গাজীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আছিয়া বেগম মা-বাবার অগোচরে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলতে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে ঘরের পেছনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে তার চাচি শিল্পী বেগম দ্রুত শিশুটিকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









