পটুয়াখালীর দুমকিতে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার পাংগাশিয়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন শামীমুজ্জামান ফিরোজ। ছুটির দিনে তিনি নিজ ইউনিয়ন পাংগাশিয়ার ব্রিজ এলাকায় ব্যক্তিগত কাজে যান। একপর্যায়ে তিনি ব্রিজের ঢালে স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলছিলেন।
এমন সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি আরোহীসহ মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অটোরিকশাটি উল্টে তার ওপর পড়লে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও প্রশাসনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দুমকি উপজেলা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









