খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক ও খেলোয়াড়দের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে সৈয়দপুরে।
শুক্রবার (২৯ মে) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই আয়োজন করে সামাজিক ও ক্রীড়া সংগঠন “ক্রীড়াঙ্গন সৈয়দপুর”। অনুষ্ঠানে আগামী দিনের সৈয়দপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, ‘‘খেলাধুলা নিয়ে কোনো ধরনের রাজনীতি করা উচিত নয়। খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের শিক্ষা দেয়। তাই ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’’
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলায়েন, অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের রবিউল হক রুবেল, রোহানুদ দৌলা বর্ষণ ও নূর আলম সাদ্দাম। এছাড়া বাংলাদেশ জাতীয় ডিসএবল ক্রিকেট দলের মো. ইমরান গোপী, সাবেক জাতীয় ‘এ’ দলের ক্রিকেটার মোক্তার সিদ্দিকী, অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের মহিউদ্দিন রানু, সাবেক জাতীয় ফুটবলার মো. আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান নোলক, মো. জসিম উদ্দিন ও ওমর ফারুক অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়াও জাতীয় সেপাক টাকরো দলের কোচ ববিতা রানী রায়, জাতীয় দলের খেলোয়াড় আইরিন খাতুন, অন্তর রায় ও মো. রাব্বি মন্ডল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ এবং মামুনুর রহমান রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক জাতীয় ফুটবলার আবুল কালাম আজাদ, মোকসেদ আলী ও আব্দুল হান্নান।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক খেলোয়াড় আবুল কাশেম। অনুষ্ঠানের শেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা খেলোয়াড় ও সংগঠকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, সৈয়দপুরের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যকে ধরে রেখে নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এই ধরনের আয়োজন স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









