নীলফামারীর সৈয়দপুরে ঝড়ে ও পিছিয়ে পড়া প্রায় ১৩শ শিক্ষার্থীর মাঝে ১ কেজি ২০০ গ্রাম করে কোরবানির মাংস উপহার দিয়েছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ)। এছাড়া কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট স্টাফ ও কয়েক শতাধিক দুস্থ মানুষদের মাঝেও দেওয়া হয় কোরবানির মাংস।
শুক্রবার (২৯ মে) শহরের এফওএইচ অধীন গোলাহাট মোহাম্মদ আব্দুল লতিফ প্রাইমারি স্কুল চত্বরে সংস্থার অধীনে পরিচালিত বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত প্রায় ১৩০০ শিক্ষার্থী ও স্টাফদের মাঝে ১ কেজি ২০০ গ্রাম করে কোরবানির মাংস উপহার হিসাবে তুলে দেওয়া হয়।
এটি পরিচালনা করেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) রংপুর সংস্থা। সৈয়দপুর উপজেলায় হিড সংস্থা কর্তৃক পরিচালিত হয় বেশকয়েকটি এফওএইচ স্কুল। স্কুল থেকে ঝড়ে পড়া বা পিছিয়ে পড়া শিশুদের পুনরায় শিক্ষায় আনার ব্যবস্থা করে সংস্থাটি। আর ওই স্কুলে অধ্যয়নরত ক্যাম্পের গরীব ছাত্র-ছাত্রীদের পরিবার, শিক্ষক, শিক্ষিকা এবং ওই প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারীর পরিবারের মাঝে কোরবানি প্রোগ্রাম বাস্তবায়ন করা হয় প্রতিবছর।
এ সময় প্রায় ২৩টি গরু ও ৩৩ টি ছাগল কোরবানি করার মাধ্যমে কোরবানি প্রোগ্রাম ২০২৬ বাস্তবায়ন সম্পন্ন করে তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর সৈয়্যদ ওসামা জালাল, হিউম্যানিটি অব হিডের রংপুর সংস্থার ভাইস চেয়ারম্যান এম এ বারি, আব্দুল লতিফসহ এফওএইচ এর ঊর্ধ্বতন কর্মকর্তা, এফওএইচ-এর শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীর অভিভাবকরা।
ফ্রেন্ডস অফ হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর সৈয়্যদ ওসামা জালাল জানান, সমাজের অসচ্ছল মানুষদের শিশুদের আবারও শিক্ষায় ফিরিয়ে আনাসহ তাদের শিক্ষা কার্যক্রমের যাবতীয় খরচ বহনের পাশাপাশি তাদের মাঝে মানবিক সহায়তার লক্ষ্যে কোরবানিতে মাংস, ঈদে খাদ্য, শীতে শীতবস্ত্র বিতরণসহ আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রম পরিচালনায় তিনি স্থানীয় প্রশাসনসহ সৈয়দপুরবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, বিগত ২০১৪ সাল থেকে বেসরকারি সংস্থা হিড-এর মাধ্যমে ফ্রেন্ডস্ অব হিউম্যানিটি (এফ ও এইচ) সৈয়দপুর শহরে পাঁচটি প্রাথমিক ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা করছে। এতে সমাজের অসহায় পরিবারের সন্তানদের পড়ালেখা করানোর মাধ্যমে শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে এফ ও এইচ।
এফ ও এইচ স্কুল প্রকল্পের কো-অর্ডিনেটর আব্দুল লতিফ জানান, অবাঙালি ক্যাম্পের বাসিন্দা, যারা অর্থাভাবে তাদের সন্তানদের পড়ালেখা করাতে পারছেন না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন তারা। এছাড়া সমাজের অনগ্রসর পরিবারের সন্তানরাও এ সুবিধার আওতায় এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









