ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাতে গফরগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও পাগলা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাকের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসারুল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারী, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ. হামিদ শেখ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাত্তর-পরবর্তী সময়ে লুটপাটের শাসন ব্যবস্থা থেকে যিনি বাংলাদেশকে উন্নয়নের ধারায় নিয়ে এসেছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’’
তিনি আরও বলেন, ‘‘নতুন প্রজন্মের কাছে অগ্রসরমান বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে।’’
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









