সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
এ সময় এমপি মান্নান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









