সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি স্লিপার কোচ। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।
রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান এদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— যাতায়াত পরিবহনের চালক সোহেল (৩০) ও হেলপার ইমন (২০)। সোহেল নরসিংদী জেলার সাহেপ্রতাপ এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। হেলপার ইমনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সিলেটগামী ‘যাতায়াত পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক বাসটি মহাসড়কের পাশে থামিয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা সিলেটগামী ‘সেন্টমার্টিন স্লিপার কোচ’ দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের চিপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক সোহেল ও হেলপার ইমন।
এই সংঘর্ষে উভয় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। এর মধ্যে মো. মাসুম মিয়া (৪৫), ফাহিম (২০), আনাজ (২০) ও জহির (২৫) নামের চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান এদিনকে জানান, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









