নওগাঁয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৩৮টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে বগুড়ার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নাঈম বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।
পুলিশ সুপার জানান, গত ২৫ মে এক হোমিও ওষুধ ব্যবসায়ীকে ফোন করে পরিচয় গোপন রেখে একজন অজ্ঞাত ব্যক্তি বলেন, তার ওষুধ সেবনে একটি শিশু মারা গেছে এবং পাঁচ লাখ টাকা না দিলে মামলা করা হবে। ভয় পেয়ে ওই ব্যবসায়ী ২০ হাজার ৩০০ টাকা নগদের মাধ্যমে পাঠান। গত ৩০ মে একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ-নগদ ব্যবসায়ীকে ফোন করে জানান, তার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন হয়েছে এবং ৪০ হাজার টাকা না দিলে মামলা দেওয়া হবে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নাঈমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাঈম দীর্ঘদিন ধরে ওসি, এসপি, ডিসি ও বড় রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









