গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২’শ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন ।
বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছনোয়ার হোসেন মোল্লা এবং আওয়ামী লীগ নেতা নুর ইসলাম শেখ।
এ সময় তাদের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও ইমরুল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, ‘‘বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’’ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করায় তিনি তাদের স্বাগত জানান।
বিএনপিতে যোগদানকারী নবাগত নেতারা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









