পিরোজপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মারিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলার খলিশাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং সদর উপজেলার হুলাড়হার বানেশ্বরপুর এলাকার আবুল কালাম খানের মেয়ে।
আহতরা হলেন, একই এলাকার মোজাম্মেল মল্লিকের স্ত্রী হাওয়া বেগম (৪৫), কদমতলা ইউনিয়নের আব্দুল জব্বার হাওলাদারের মেয়ে লামিয়া (১৯), ঝনঝনিয়া এলাকার সোহরাব সিকদারের ছেলে রাসেল (৩০) ও রিয়ান।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত লামিয়া ও তার মা নানাবাড়ি তেজদাসকাঠি থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি হুলারহাটের ফিরছিলেন। এ সময় খলিশাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকের চালকসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং বাকি চারজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার অতনু হালদার জানান, পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে মারিয়া আক্তার হাসপাতালে আসার আগেই মারা যান। এছাড়া দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার সাব ইন্সপেক্টর তাপস মন্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং যাত্রীবাহী বাসটিকে হেফাজতে নেয়। চালক এবং হেলপার কাওকেই পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









