ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চালক আলমগীর হোসেন (৩৫) নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার শিতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন হরিণাকুণ্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
জানা যায়, সকাল ৯টার দিকে বাড়ি থেকে ভ্যান নিয়ে উপজেলার শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কিনতে যাওয়ার পথে শিতলি এলাকায় পৌঁছালে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়েন আলমগীর। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাহিদ এমরান তন্বী জানান, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ভ্যান দুর্ঘটনায় নিহত চালকের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









