ময়মনসিংহের গৌরীপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজের পরদিন মো. মোকরামিন হাসান রাফি (২৫) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বয়রা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের বয়রা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোকরামিন হাসান রাফি উপজেলার বয়রা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তারা সাঁতরে নদীর গভীর পানিতে চলে যান। দুই বন্ধু কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও তীব্র স্রোতের টানে পানিতে তলিয়ে যান রাফি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে প্রথম দিন তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন আজ বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করলে একপর্যায়ে বয়রা ঘাট এলাকা থেকে রাফির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









