পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে হাওর ও নদী রক্ষা আন্দোলন এবং এসভিডিএস-এর যৌথ আয়োজনে এবং সহযোগী সংস্থা এএলআরডি-এর সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও এসভিডিএস-এর নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক মিলন-এর সঞ্চালনায় সমাবেশে মূল ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল মুন্সী।
সমাবেশে বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলনের স্মরণে ১৯৭৪ সাল থেকে প্রতি বছর এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ঘনঘন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপমাত্রা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশের সামগ্রিক অর্থনীতি ও জীববৈচিত্র্য আজ চরম হুমকির মুখে পড়েছে।"
এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা, নতুন উদ্ভাবন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার পাশাপাশি কৃষিকে জলবায়ু সহিষ্ণু ও টেকসই ভিত্তিতে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভা শেষে নাগরিক সমাবেশ থেকে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ১০ দফা দাবি উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, শাহ কামাল, সুহেল আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দীন, আকিক মিয়া, ফজলে রাব্বি, মোশফিকুর রহমান; সমাজসেবক মনসুর আলম, নুরুল হাসান আতাহার, সুরঞ্জিত গুপ্ত রঞ্জনু, দ্বিপাল ভট্টাচার্য এবং শান্তিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আহমদ উসমান প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









