মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলার মধ্যেই বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সময়ে হরমুজ প্রণালিতে হামলার শিকার একটি তেলবাহী জাহাজের কর্মীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বাহরাইনের শেখ ইসা সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন রাডারব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বাহরাইন জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটিতে ইরানের এই হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলছে।
কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দোহায় কাতার ও ইরানের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা। মধ্যস্থতার এই উদ্যোগের লক্ষ্য হলো দুই পক্ষের প্রস্তাবের মধ্যে দূরত্ব কমিয়ে সমঝোতার পথ তৈরি করা। কাতারের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং মতপার্থক্য কমানোর চেষ্টা চলছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সমুদ্রপথের নিরাপত্তা, আন্তর্জাতিক নৌ চলাচল ও বাণিজ্য স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের বিস্তার ঠেকাতে এবং সংলাপ ও আলোচনার পথ আবার চালু করতে দুই দেশের মন্ত্রীরা কথা বলেছেন। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। প্রায় নয় মাস ধরে চলা সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করেছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে।
হরমুজ প্রণালিতে নিখোঁজ জাহাজের কর্মীরা
যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। বিশ্বে সরবরাহ করা মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা জানিয়েছে, ওমানের খাসাব বন্দর শহরের উত্তরে একটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। এরপর জাহাজটির কর্মীদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি জাহাজ ও একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

হরমুজ প্রণালি ওমান ও ইরানের জলসীমার মধ্যে অবস্থিত হলেও এটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে পরিচিত। এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ৬১ সেন্টে পৌঁছায়। আগের দিনের তুলনায় দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ।
যুদ্ধের প্রভাব ছড়াচ্ছে অন্য দেশেও
মধ্যপ্রাচ্যের অন্য এলাকাতেও যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ছে। ইরানের মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়েছে এবং বাব আল-মান্দেব প্রণালির কাছে ইয়েমেনের উপকূলীয় কিছু এলাকা দখল করেছে। এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি সরবরাহে চাপ তৈরির চেষ্টা চলছে।
এর আগে গত রবিবারও বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে হামলা হয়েছিল। ইরান দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে ওই হামলা চালানো হয়েছে।
এদিকে ইরানের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের অধিকাংশই শিয়া ধর্মীয় নেতা। বাহরাইনের এই আদালতের রায়ের নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অভিযোগগুলো ভিত্তিহীন। বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগও দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে তেহরান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বা ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকে উসকানিমূলক কর্মকাণ্ড না হলে তিনি ইরানে হামলা থেকে বিরত থাকতে পারেন। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা অব্যাহত থাকায় ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল রাখার কথাও জানিয়েছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








