গাজীপুরের কালীগঞ্জে তালাবদ্ধ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির দরজার ছিটকিনি ও স্টিলের আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বালীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সম্পা বেগম (২৯) ওই দিন রাতে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি করেন। স্বামী মারা যাওয়ার পর নিজের উপার্জনে জীবিকা নির্বাহ করছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির দরজা ও মূল ফটকে তালা লাগিয়ে কর্মস্থলে যান সম্পা। সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে চুরি করে। সন্ধ্যায় ফিরে ফটকের তালা খুললেও ভেতরে ঢুকতে পারেননি তিনি। পরে প্রতিবেশীদের সহায়তায় একজন দেয়াল টপকে বাড়িতে ঢুকে ভেতর থেকে ফটকের ছিটকিনি খুলে দেন।
ঘরে ঢুকে সম্পা দেখেন, দরজার ছিটকিনি এবং স্টিলের আলমারি ও কেবিনেটের তালা ভাঙা। আলমারির ড্রয়ারে রাখা ৩ লাখ ৩০ হাজার টাকা, দুটি স্বর্ণের লকেটসহ একটি চেইন, দুই জোড়া কানের দুল, তিনটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের রিং খোয়া গেছে। এ ছাড়া ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেও সেগুলোর সন্ধান পাননি তিনি।
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তের জন্য থানার এসআই মো. রিয়াদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই মো. রিয়াদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








