ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে সচেতনতা র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় ইউএনও সালেহ আহমেদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু মোকাবিলায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি জনগণকে সচেতন করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ, বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশ নিয়ে ইউএনও সালেহ আহমেদ নিজ হাতে ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









