গাজীপুরে পুলিশ বক্সের ভেতরে ঢুকে হোসাইন আলী বাবু নামে স্টার নিউজের এক সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে গাজীপুর চৌরাস্তা পুলিশ বক্সে এ হামলার ঘটনা ঘটে।
প্রকাশ্য দিবালোকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেই সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি ও সড়কের পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন স্টার নিউজের সাংবাদিক হোসাইন আলী বাবু। দায়িত্ব পালন শেষে তিনি চৌরাস্তা পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলেন। এ সময় হঠাৎ এক যুবক পুলিশ বক্সে ঢুকেই তার ওপর হামলা চালায়।
সাংবাদিক বাবুর চিৎকার শুনে দায়িত্বরত এক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় হামলাকারীকে আটক করে থানায় নেওয়া হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল। পুলিশ ধারণা করছে, তিনি ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারেন। ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
আহত সাংবাদিক হোসাইন আলী বাবু বলেন, “সকাল থেকে আমি গাজীপুর চৌরাস্তায় সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত ছিলাম। হামলাকারী কয়েকবার এসে আমার নাম-পরিচয় জানতে চেয়েছিল। আমি ব্যস্ত থাকায় তেমন গুরুত্ব দিইনি। পরে পুলিশ বক্সে বসে অফিসের কাজ করার সময় সে হঠাৎ আমার ওপর হামলা চালায়। আমি তাকে আগে কখনো দেখিনি এবং তার সঙ্গে আমার কোনো পরিচয় বা বিরোধও নেই।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, “গাজীপুর চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবী ও ছিনতাইকারীদের উৎপাত রয়েছে। সাংবাদিকরা বিভিন্ন সময় এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন। এ কারণে অপরাধচক্রের কেউ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে থাকতে পারে।”
পুলিশ বক্সের মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে ঢুকে একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন গাজীপুরের সাংবাদিক নেতারা। তারা অবিলম্বে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, “প্রাথমিকভাবে আটক ব্যক্তিকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তবে ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









