ময়মনসিংহের গৌরীপুরে ব্যবসায়ী মো. স্বপন মিয়াকে (৩৮) ধারালো অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে মোটরসাইকেলসহ নগদ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. জাফর আহমেদ ওরফে বাবু (৩৫) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এরআগে, শুক্রবার (৫ জুন) রাতে পৌর শহরের ঢুলিপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর রাতেই স্থানীয় জনতা ও পুলিশের যৌথ অভিযানে মোটরসাইকেলসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মামলায় অভিযুক্ত অপর আসামি হলেন পৌর শহরের পূর্ব কালিপুর (রিকশাপট্টি) এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে মো. শাহজাহান (৩০)। অন্যদিকে গ্রেপ্তার হওয়া জাফর আহমেদ বাবু মধ্যবাজার পশ্চিম লাইন এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ঢুলিপাড়া এলাকায় নিজের একটি নির্মাণাধীন ভবনের কাজ তদারকি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মো. স্বপন মিয়া (৩৮)। পথে মাহফুজ ‘স’ মিলের সামনের সড়কে পৌঁছালে ওত পেতে থাকা ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর গতিপথ রোধ করে।
ভুক্তভোগী ব্যবসায়ী স্বপন মিয়া বলেন, ‘‘হঠাৎ করেই কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমার পথ আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর শুরু করে। অস্ত্রের মুখে জিম্মি করে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এরপর পকেটে থাকা ব্যবসার নগদ ৫০ হাজার টাকাও জোরপূর্বক লুটে নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের ঘটনার পর ভুক্তভোগী ও তার স্বজনেরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেলটির সন্ধান করতে থাকেন। একপর্যায়ে গৌরীপুর ইউনিয়নের সাতুতি এলাকায় হানিফ মেম্বারের বাড়ির সামনের রাস্তায় আসামি জাফর আহমেদ বাবুকে ওই মোটরসাইকেলসহ দেখতে পান তারা। এ সময় স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্বপন মিয়া জানান, ছিনতাইকারীদের হামলায় আহত হওয়ার পর রাতে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ‘‘ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার বিকেলেই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিকে গ্রেপ্তারসহ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









