বরিশালের হিজলা উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এবং একাধিক ডাকাতি, হত্যা, চুরি ও চাঁদাবাজির মামলার আসামি জলিল বেপারিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। নাটকীয় অভিযানে ডোবার পানিতে আত্মগোপনের চেষ্টা করেও শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে রক্ষা পাননি তিনি।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জলিল বেপারি উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকার আরব আলী বেপারির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মানের সার্বিক নির্দেশনায় এবং এএসআই ইয়ামিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা জলিলের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে ধরতে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে জলিল বেপারি পালানোর চেষ্টা করেন। নিজেকে আড়াল করতে তিনি একটি জলাজীর্ণ ডোবার মধ্যে ঝাঁপ দেন। তবে পুলিশ সদস্যরাও পিছু হটেননি। টানা অভিযান ও ধাওয়া শেষে ডোবার ভেতর থেকেই তাকে আটক করতে সক্ষম হন তারা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জলিল বেপারি ওই এলাকার একজন চিহ্নিত ও তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে হিজলা থানাসহ বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে সাতটি ডাকাতি মামলা, পাঁচটি চুরি মামলা, একটি চাঁদাবাজি মামলা এবং অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ।
এছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল বলে জানিয়েছে পুলিশ।
হিজলা থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থেকে জলিল বেপারি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









