বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে “উপকূলীয় গ্রিন ক্যাম্পাস ও তরুণদের জলবায়ু সংলাপ” শীর্ষক আলোচনা সভা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ নেতা, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
রোববার (৭ জুন) দুপুরে নগরীর ব্রজমোহন বিদ্যালয়ের মিলনায়তনে এ সংলাপ ও আলোচনা সভার আয়োজন করে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। অনুষ্ঠানে সহযোগিতা করে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং এর সদস্য সংগঠন প্রান্তজন।
বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং তা মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, উপকূলীয় বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, নদীভাঙন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে শুভংকর চক্রবর্তী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবুজ ও টেকসই ক্যাম্পাসে রূপান্তর করার কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা জলবায়ু সংকট মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে স্থানীয় উদ্যোগ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ধরনের কর্মসূচি তরুণদের পরিবেশ আন্দোলনে আরও সক্রিয় করে তুলবে এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরোহীর নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, প্রান্তজনের ক্যাম্পেইন কর্মকর্তা জাহিদুল ইসলাম, বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্য আমিনুর রহমান খোকন, প্রধান শিক্ষক মো. মোমিন হাসান, সহকারী শিক্ষক মো. সালেহ উদ্দিন এবং শিক্ষার্থী মো. পাভেল ও সৌরভ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









