সরকার যদি আগামীতে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিমূলক নির্বাচন করে, তাহলে তারা মুখ থুবড়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘‘স্থানীয় নির্বাচনে কোনো ধরনের কারচুপির চেষ্টা করা হলে এ সরকার পূর্ণ মেয়াদ পর্যন্ত দেশ চালাতে পারবে না।’’
মঙ্গলবার (৯ জুন) বিকেলে বরিশালের একটি কনভেনশন হলে জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, ‘‘সরকার নিজে না চাইলে নির্বাচন কমিশন কখনোই শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে পারবে না।’’
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘‘এমন পরিস্থিতি (কারচুপি ও অনিয়ম) তৈরি হলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি না, সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
দেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও বাজার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘‘সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর দুর্নীতি রুখতে না পারলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কোনোভাবেই কমানো সম্ভব হবে না, যার চূড়ান্ত খেসারত দিতে হবে সাধারণ মানুষকে।’’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এছাড়া সভায় স্থানীয় ও মাঠপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









