নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণ, উত্তম কৃষি চর্চা (জিএপি), মাটির স্বাস্থ্য পরীক্ষা, সুষম সার ব্যবহার এবং বালাইনাশকের নিরাপদ প্রয়োগ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, আধুনিক কৃষিযন্ত্র বিতরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল ফসলের জাত ও প্রযুক্তির সম্প্রসারণ এবং মানসম্মত চারা উৎপাদন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিয়াজউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করতে হবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









