কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় আট বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে আসাদুল ইসলাম আছাই (৩৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
আজ রবিবার (৭ জুন) সকালে কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদুল ওই এলাকার ফজলুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে এক নির্জন স্থানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানালে তারা প্রতিবেশীদের অবহিত করেন। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থল থেকে অভিযুক্ত আসাদুলকে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
এদিকে অভিযুক্তকে হাসপাতালে নিয়ে আসার পর সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চর মিলপাড়া এলাকার সাধারণ মানুষ হাসপাতাল চত্বরে জড়ো হয়ে অভিযুক্তের চিকিৎসার বিরোধিতা করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, শিশুর ওপর নির্যাতনের অভিযোগে স্থানীয়রা এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









