গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে মিনি ট্রাকচালক মো. সাকিব মিয়া (৩৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সালনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। ভোরে সন্দেহভাজন একটি মিনি ট্রাক চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যগুলো জব্দ এবং ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









