বরিশালের হিজলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং চার লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি আব্দুল কাইয়ুমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মানের নির্দেশনায়, এএসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত কাইয়ুম হিজলা থানার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোড়ালিয়া এলাকার দেলোয়ার কাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাইয়ুমের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ও ৮(২) ধারায় আনীত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ লক্ষ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। একই সাথে জরিমানা অনাদায়ে তাকে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে আদালত কর্তৃক এই রায় ঘোষণার পর থেকেই আইনি সাজা এড়াতে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিলেন কাইয়ুম।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা হিজলা থানার এএসআই আব্দুর রাজ্জাক জানান, সাজাপ্রাপ্ত আসামি কাইয়ুম গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। আমরা দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজর রাখছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আজ তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এদিকে হিজলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর। ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









