জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি আভিযানিক দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকার একটি ভুট্টা খেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুতের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে আনা মাদকের চালানটি ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে সটকে পড়ে। পরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের জানান, এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









