রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার রঘুনাথপুর এলাকার মালেক বিশ্বাসের পুকুরপাড় সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাংশা পৌরসভার রঘুনাথপুর গ্রামের জাকির সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (২৬), নিভা এনায়েতপুর গ্রামের তছলিম শেখ ওরফে নিজাম শেখের ছেলে আল আমীন শেখ (২৫)। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ১০০ পিস করে মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ২০ হাজার মিলিগ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা আশরাফুল হক নামে আরও এক সহযোগীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন স্থান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রি করতেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে গুধিবাড়ী এলাকার নিজ বাড়ি থেকে মো. আশরাফুল হককে (৪২) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআই (নি.) মো. চাঁন মিয়া বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর-৭, জিআর নম্বর-১১২।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে তিনটি এবং আশরাফুল হকের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ‘‘ধৃত আসামিদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









