বাংলাদেশ ও ভারত সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে এবং সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভারতের পেট্টাপোল সীমান্তে অবস্থিত বিএসএফ ক্যাম্পের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। অপরদিকে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং-এর নেতৃত্বে ভারতীয় বিএসএফের সাত সদস্যের দল এই উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেয়।
বাংলাদেশ সময় দুপর ১২টায় বৈঠক শুরু হয়ে ২টার কিছু সময় পর শেষ হয়।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সকল সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
বৈঠকে উভয় পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে তাদের বলিষ্ট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে আরও জানা যায়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক সমাপ্তি শেষে বিজিবি প্রতিনিধিদল দেশে ফিরে আসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









