হবিগঞ্জের মাধবপুরে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া সেতুর কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার ভেঙ্গডুবা গ্রামের সিএনজি চালক আক্কাস মিয়া (৪৫) এবং উত্তর নোয়াপাড়া গ্রামের কৃষিবিদ ড. কামরুল হাসানের স্ত্রী মানোয়ারা বেগম (৭০)। আহতদের মধ্যে রয়েছেন নিহত মানোয়ারা বেগমের মেয়ে স্কুলশিক্ষিকা তাসলিমা বেগম। তবে আহত অপর ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উত্তর নোয়াপাড়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা বেজুড়া সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহত দুইজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









