পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের কয়েকজন কর্মীর মদ পানের ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক একটি ঘরের মেঝেতে গোল হয়ে বসে আছেন। তাদের সামনে প্লাস্টিকের ওয়ান-টাইম কাপ, কোমল পানীয়ের বোতল এবং চিপসের প্যাকেট রাখা। এ সময় এক যুবককে একটি মদের বোতল থেকে একে একে সবার কাপে মদ ঢেলে দিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে যিনি বোতল থেকে মদ ঢালছেন তার নাম সাজিদ। তিনি পূর্বে স্থানীয় ছাত্রলীগ মেয়র গ্রুপের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
ভিডিওতে উপস্থিত অন্যান্য যুবকদেরও স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে সনাক্ত করেছেন স্থানীয়রা। ঘরোয়া এই আসরে মদ্যপানের দৃশ্যটি কে বা কারা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নামপ্রকাশ না করার শর্তে এক ছাত্রদল নেতা বলেন, 'ছাত্র রাজনীতির সাথে জড়িতদের এমন অনৈতিক কর্মকাণ্ড সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কর্মীদের এ ধরনের বিতর্কিত আচরণ থেকে বিরত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।
এবিষয়ে বাউফল উপজেলা বিএনপির আহবায়ক তসলিম তালুকদার বলেন, "ভিডিও আমিও দেখেছি। ঢাকা থেকে এসে দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ করে এদের মধ্যে কেউ পদে থাকলো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।"
তবে এবিষয়ে যোগাযোগের চেষ্টা করেও ছাত্রদল কর্মী সাজিদের কোন বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









