গাজীপুর মহানগরীর দিগিরচালা এলাকার মালেকের বাড়ি সংলগ্ন মেট্রিক্স স্টাইল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জুন) সকালে কারখানাটিতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট নিরলসভাবে কাজ করছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারখানার ষষ্ঠ তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণও এখনও নিশ্চিত করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









