ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরার পথে ঢাকার সদরঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জের বাসিন্দা সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ড। নিহতের মা ও শাশুড়ির পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে নিহত সোহেলের স্বজনদের হাতে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
অনুষ্ঠানে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ফেরার পথে ঢাকার সদরঘাট এলাকায় সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারান সোহেল। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়ে। তাদের মানবিক সহায়তা ও আর্থিক সংকট লাঘবে বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ৫ লাখ টাকার সহায়তা দেওয়া হলেও পরবর্তী সময়ে নিহতের পরিবারের জন্য অতিরিক্ত ২৫ লাখ টাকা সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিআইডব্লিউটি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্ঘটনায় প্রিয়জন হারানোর বেদনা কোনো আর্থিক সহায়তায় পূরণ হওয়ার নয়। তবে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব হলো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সেই মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়েছে।
তারা আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন পরিবারগুলো দীর্ঘমেয়াদে সহায়তা পেতে পারে।
এদিকে, সহায়তা পেয়ে নিহত সোহেলের স্বজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঘোষিত বাকি সহায়তাও দ্রুত বাস্তবায়নের আশা ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









