গাজীপুরের মালেকবাড়ি ডেগেরচালা এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের একটি পোশাক কারখানা লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৩ জুন) সকালে কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল পৌঁনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, কারখানার একটি অংশ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ধোঁয়া বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কারখানার বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন যাতে আগুন ভবনের অন্যান্য অংশ বা আশপাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের সম্পূর্ণ নির্বাপণের কাজ চলমান ছিল বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









