কক্সবাজারের পেকুয়ায় নতুন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দুই প্রশাসনিক ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নতুন পৌরসভা ও উপজেলার ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা জানান, পৃথক উপজেলা ও পৌরসভা গঠনের দাবি দীর্ঘদিনের হলেও এবার তা বাস্তবে রূপ পেল।
স্থানীয়দের মতে, নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার ফলে নাগরিক সেবা আরও সহজলভ্য হবে। উন্নত সড়ক যোগাযোগ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ণ এবং বিভিন্ন সরকারি সেবা দ্রুত প্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দূরবর্তী এলাকায় যেতে হবে না, ফলে সময় ও ব্যয় উভয়ই কমবে।
তারা আরও বলেন, নতুন উপজেলা ও পৌরসভা গঠনের মাধ্যমে পেকুয়া, চকরিয়া এবং আশপাশের এলাকার বৃহৎ জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে। এতে স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগ পেকুয়াকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









