সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও হাওরবন্ধু জননেতা কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গিলাগড়া নদী পারাপারের জন্য শিক্ষার্থী ও এলাকাবাসীর সুবিধার্থে একটি নৌকা উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) আনুষ্ঠানিকভাবে নৌকাটি হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গিলাগড়া নদী পারাপারে তারা নানা দুর্ভোগের শিকার হচ্ছিলেন। বিশেষ করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে অনেক কষ্ট হতো। নৌকাটি পাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে।
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, “গিলাগড়া নদী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ছিল। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জনস্বার্থে যে নৌকাটি উপহার দিয়েছেন, তা এলাকার মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে নেওয়া যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি, ভবিষ্যতেও উত্তর বংশীকুন্ডার শিক্ষা, যোগাযোগ ও উন্নয়নমূলক কাজ এভাবেই এগিয়ে যাবে।”
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবে এমপি মহোদয়ের এ উদ্যোগ প্রশংসনীয়। নৌকাটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, রাজনৈতিক মতপার্থক্য ভুলে এলাকার উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করি।”
স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের এক বাসিন্দা বলেন, “আমাদের সন্তানদের স্কুলে যেতে এবং আমাদের বাজারে যাতায়াতে নদী পার হতে অনেক কষ্ট হতো। বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যেত। আজ নৌকাটি পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এজন্য এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও তিনি আমাদের পাশে থাকবেন।”
এলাকার উন্নয়নের স্বার্থে উপস্থিত সবাই এমপি কামরুজ্জামান কামরুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে উত্তর বংশীকুন্ডার বিভিন্ন উন্নয়ন চাহিদা পর্যায়ক্রমে পূরণ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









