সরকারের নির্বাচনি অঙ্গীকার দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় এ উদ্যোগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারায় এই দেশব্যাপী মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার পর পরই একযোগে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষ রোপণ করার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কুষ্টিয়া জেলায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। পরে তিনি কালেক্টরেট চত্বরে কৃষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ, কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলম, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান বলেন, ‘‘পরিবেশের বিপর্যয় রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।’’
কুষ্টিয়া সামাজিক বন বিভাগ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং সবুজায়নের এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে কুষ্টিয়ার জেলা প্রশাসন ও বন বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সহকারী বন সংরক্ষক এবং কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সংশ্লিষ্ট সকল অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় ১৫ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









