দেশে তেলবীজ চাষে উৎসাহ বাড়ানো এবং ভোজ্যতেল খাতে বিনিয়োগ টানতে বড় ধরনের কর সুবিধা ঘোষণা করেছে সরকার। স্থানীয়ভাবে উৎপাদিত তেলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদন করলে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ১০ বছর পর্যন্ত আয়কর অব্যাহতি দেওয়া হবে।
শনিবার (১৩ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর ছাড় ধাপে ধাপে কার্যকর হবে। প্রথম পাঁচ বছর ভোজ্যতেল উৎপাদন থেকে অর্জিত আয়ের ওপর শতভাগ কর অব্যাহতি মিলবে। এরপর ষষ্ঠ থেকে অষ্টম বছরে ৫০ শতাংশ এবং নবম ও দশম বছরে ২৫ শতাংশ হারে কর ছাড় দেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হবে।
তবে এই সুবিধা পেতে হলে কিছু শর্ত মানতে হবে। প্রতিষ্ঠানকে আয়কর আইন, ২০২৩ এবং কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী নিবন্ধিত হতে হবে। উৎপাদনে বাধ্যতামূলকভাবে দেশীয় তেলবীজ কাঁচামাল হিসেবে ব্যবহার করতে হবে এবং ভোজ্যতেল খাতের আয় আলাদাভাবে হিসাব সংরক্ষণ করতে হবে।
এছাড়া প্রতি বছর নিরীক্ষিত হিসাব দাখিলসহ স্থানীয় তেলবীজ ব্যবহারের তথ্য জমা দিতে হবে। অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য উৎস কর কেটে সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানিনির্ভর ভোজ্যতেল খাতে দেশীয় কাঁচামালের ব্যবহার বাড়বে। এতে একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে দেশের কৃষি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









