পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে।
শনিবার (১৩ জুন) শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সামাজিক বনায়নের বাস্তবায়নে উপজেলার নকিপুর সরকারি এইচ.সি. মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শামসুজ্জাহান কনক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, শিক্ষক রনজিৎ কুমার বর্মন,শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, শিক্ষক মোজাফফর হোসেন সহ
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক বনায়ন বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, উপকূলীয় জনপদ শ্যামনগর জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও তাপমাত্রা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলা হয়, প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে পরিবেশ সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয় এবং উপস্থিতদের মাঝে চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে শ্যামনগর উপজেলায়ও ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









