জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মৌলভীবাজারের কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে কুলাউড়া বন বিভাগের আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলাম শকু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ, সাংবাদিক মো. মছব্বির আলী, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার, গাজীপুর বিট কর্মকর্তা আরিফুর রহমান, সাংবাদিক মাহফুজ শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুলাউড়ার জন্য পাঁচ হাজার গাছের চারা বরাদ্দ পাওয়া গেছে। সংসদ সদস্যের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান এবং উপকারভোগীদের মধ্যে আগামী দুই মাসে পর্যায়ক্রমে এসব চারা বিতরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









