পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলার বড়লেখা বিট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও সিলেট বন বিভাগের বড়লেখা রেঞ্জ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এর আগে কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় দেশের অন্যান্য এলাকার মতো বড়লেখাতেও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশপ্রেমী ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।
তিনি বলেন, ‘গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে এলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশকে আরও সবুজ ও সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব হবে।’
তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
আয়োজকেরা জানান, ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









