নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের সাঁতার জানা তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে বার্মাস্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাশেদুজ্জামান (২২), তার শ্যালক গালিব (১৮) এবং শ্যালিকা সুরাইয়া (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামলে একপর্যায়ে পানিতে তলিয়ে যান। পরে তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করে। তারা তিনজনই সাঁতার জানতেন। কিভাবে তলিয়ে গেলেন কেউ দেখেনি।
নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ গ্রামে। তার বাবার নাম দেলোয়ার। পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে তিনি গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন। অপরদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবা আকরাম। বর্তমানে তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়িতে ভাড়া থাকছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের দাবি, নিহত তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









