পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা। শুক্রবার (১২ জুন) বিকেলে এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে পতাকাটি পুরো গ্রাম জুড়ে টাঙিয়ে দেওয়া হয়। সমর্থকদের দাবি, এটিই এখন পর্যন্ত পাবনা জেলা তথা গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আর্জেন্টাইন পতাকা। বিশালাকৃতির এই পতাকা দেখতে প্রতিদিন বালুদিয়ার গ্রামে শত শত ফুটবলপ্রেমী ভিড় জমাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুদিয়ার গ্রামের তিন যুবক রাসেল মাহমুদ, সেলিম হোসেন ও আলামিন হোসেন ২০২৬ বিশ্বকাপ শুরুর প্রাক্কালে বিশ্বকে চমকে দেওয়ার মতো কিছু একটা করার পরিকল্পনা করেন। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্তকে স্মরণীয় রাখতে এবং এবারও মেসিদের উৎসাহ জোগাতে তারা ২০২২ ফুট দীর্ঘ পতাকা তৈরির উদ্যোগ নেন। তাদের এই অভিনব পরিকল্পনার কথা শুনে এগিয়ে আসেন গ্রামের শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সবার আর্থিক সহযোগিতায় প্রায় ১০ দিন ধরে চলে দর্জিবাড়ির কাজ। এরপর পতাকার ওপর আর্জেন্টিনা দলের লোগো বসানো হয়। বিশালাকৃতির এই পতাকা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।
আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে এই বিশাল উদ্যোগ নেওয়ার কথা জানান রাসেল মাহমুদ, ফরিদ হোসেন, সেলিম হোসেন এবং আলামিন হোসেন। তারা বলেন,‘‘ছোটবেলা থেকেই আমরা মেসির খেলা দেখে আসছি। সেই থেকেই আমরা আর্জেন্টিনা দলের ভক্ত। ২০২২ সালে ফ্রান্সের সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে মেসির নের্তৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা দল। আর্জেন্টিনা দলকে সুদূর বাংলাদেশ থেকে উৎসাহ জোগাতে এত বড় পতাকা বানানোর পরিকল্পনা নেওয়া হয়। আমরা চাই, মেসির শেষ বিশ্বকাপে আবারও সেই সোনালী ট্রফিটা মেসির হাতেই উঠুক।’’
একই গ্রামের সমর্থক সিদ্দিকুর রহমান ও মহরম আলী বলেন, ‘‘আমরা আর্জেন্টিনাকে ভালোবেসে এত বড় পতাকাটি তৈরি করেছি। এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে বলে আশা করি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্যও শুভ কামনা রইল। আমাদের প্রত্যাশা, ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের নান্দনিক ফুটবল উপহার দিয়ে ফাইনালে উঠুক।’’
এদিকে আর্জেন্টিনার ভক্তদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক নিজে একজন আর্জেন্টিনার সমর্থক উল্লেখ করে বলেন, ‘‘সমর্থকদের এই অভিনব আয়োজনে উৎসাহ দিতে আমি নিজেও এসেছি। তবে খেলাধুলা নিয়ে ভক্তদের এমন উন্মাদনা থেকে এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









