নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রবিবার (১৪ জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা বর্জ্যের স্তূপ সরেজমিনে ঘুরে দেখেন তিনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সড়কের পাশে কয়েকটি বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘‘এশিয়ান হাইওয়ের পাশে ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। ভবিষ্যতে যাতে সড়কের পাশে আর কোনো ধরনের বর্জ্য ফেলা না হয়, সে জন্য উপজেলা প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করতে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ বা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পুনব্যবহার করে জৈব সার, জ্বালানি ও গ্যাস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।’’ এ বিষয়ে অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘কোনো পৌরসভা, সিটি করপোরেশন কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মহাসড়ক বা গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লা ফেলতে পারবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’’
এ সময় তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির কথাও তুলে ধরে বলেন, ‘‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার আনুষ্ঠানিক উদ্বোধন ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সম্পন্ন হয়েছে। পরিবেশ সংরক্ষণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









