রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি মিনি পেট্রোল পাম্প বন্ধ, ব্যবহৃত মেশিন জব্দ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
মোহনপুর উপজেলার তিনটি ফিলিং স্টেশনের প্রতিনিধিরা দ্রুত তদন্ত করে অবৈধ কার্যক্রম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গত ১১ জুন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মোহনপুর বাজার ও মৌগাছি বাজারে আনারুল ইসলাম ও আব্দুর রাজ্জাক নামের দুই ব্যক্তি প্রকাশ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করছেন, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এ বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে অভিযুক্ত আনারুল ইসলাম বলেন, ‘‘বাহিরের ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কিনে প্রতি লিটারে ৫ টাকা লাভে বিক্রি করি। তবে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, বিস্ফোরক পরিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আবেদন করা হয়েছে, তবে পূর্ণাঙ্গ অনুমোদন তার নেই।’’
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আকতার জানান, অভিযোগটি তদন্ত করে বৈধতা যাচাই করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









