কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদ্যাপন উপলক্ষে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল তিনটায় ছেঁউড়িয়ার লালন একাডেমিতে জেলা আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, দিবসটি উপলক্ষে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীর সমাগম হবে। আয়োজন সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, অনুষ্ঠানস্থল ও আশপাশে পর্যাপ্ত পুলিশ, এসআরবি ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সভায় যাতায়াত, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, পার্কিং ও অগ্নিনির্বাপণব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও লালন একাডেমির নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









