বরগুনায় পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় আদালতে মামলা করেছেন ৬০ বছর বয়সী রিকশাচালক আবদুল ওহাব মিয়া।
মঙ্গলবার (১৬ জুন) বরগুনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন তিনি।
আদালতের ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান মামলাটি গ্রহণ করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে বরগুনা সদর উপজেলার পার্বতী গ্রামের বাসিন্দা আবুল হোসেন খান (৬৬), কালাম খান (৪০), আবু হানিফা খান (৫০) ও সেলিম খানকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আবদুল ওহাব মিয়ার বাবা আবদুল হামেজ মৃত্যুকালে স্ত্রী ও ছয় ছেলেসহ উত্তরাধিকারীদের জন্য প্রায় ৫ একর ৭২ শতাংশ জমি রেখে যান। ছয় ভাইয়ের মধ্যে আবদুল ওহাব ছিলেন সবার ছোট। অভিযোগ রয়েছে, বাবার মৃত্যুর পর বড় পাঁচ ভাই তাকে বঞ্চিত করে সম্পত্তি নিজেদের নামে এসএ রেকর্ড করিয়ে জমি দখলে নেন।
পরবর্তীতে বড় ভাইদের মৃত্যুর পর তাদের সন্তানরাও আবদুল ওহাবকে বাদ দিয়ে বিএস রেকর্ড সম্পন্ন করে জমি ভোগদখল করতে থাকেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদী আবদুল ওহাব মিয়া বলেন, ‘‘বাবার রেখে যাওয়া সম্পত্তিতে আমার ও আমার মায়ের প্রাপ্য অংশ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে আমাকে জমি ভোগদখল করতে দেওয়া হচ্ছে না। আমার দুটি মেয়ে রয়েছে, কোনো ছেলে নেই। মেয়েদের বিয়ে দিয়েছি কুষ্টিয়া ও সাতক্ষীরায়। বর্তমানে এই বয়সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি।’’
তিনি আরও বলেন, ‘‘আমার ছেলে থাকলে হয়তো আমাকে এভাবে বঞ্চিত করা হতো না। আমি আদালতের মাধ্যমে আমার ন্যায্য সম্পত্তি ফিরে পেতে চাই।’’
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









