সুনামগঞ্জের ছাতকে এক স্কুল ছাত্রকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর (গণেশপুর) গ্রামের বাসিন্দা মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল এর শ্যালক, ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইয়াছিন আরাফাত ফাহিম সকাল ৯টার দিকে ছাতক থেকে সিএনজি অটো রিকশা যোগে গোবিন্দগঞ্জে পৌঁছান।
সেখানে তার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন ফাহিম। এ সময় একজন যুবক তার বাড়ি কোথায় জানতে চাইলে ফাহিম নিজেকে ছাতকের বাসিন্দা বলে পরিচয় দেয়। কিন্তু কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে মারধর করে রেদওয়ান নামের এক যুবক। এক পর্যায়ে অভিযুক্তরা ফাহিমের সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়।
এ ঘটনায় অভিযুক্ত উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রেদওয়ান আহমদসহ দুইজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
একজন স্কুল ছাত্রকে প্রকাশ্যে শুধু বাড়ির পরিচয় দেওয়ার কারণে মারধর অত্যন্ত নিন্দনীয়। একটি সভ্য সমাজে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভূক্তভোগী ওই স্কুল ছাত্রের পরিবার।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে বিষয়টি দেখার জন্য থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









