নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল জেলা শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। পূর্বশত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা।
নিহতের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে তাঁর মোবাইল ফোনে শেষ কথা হয় এবং এশার নামাজের পর তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। নওগাঁ শহরে ফেরার উদ্দেশ্যে তিনি আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন। স্বজনদের ধারণা, পথিমধ্যে দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









